ঢাকায় কয়েকদিন ধরেই তীব্র গরমে জনজীবন কষ্টকর হয়ে উঠেছে। আজও সেই গরমের প্রভাব থাকবে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
এদিকে গতকাল রাতে প্রকাশিত দেশের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্য জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে এসব বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
প্রকৃতিবার্তা ডেস্ক 


















