ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
এর ফলে রোববার (২০ অক্টোবর) থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা ও মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচল সীমাবদ্ধ থাকবে।
সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। ক্রমেই সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই সীমান্ত হয়ে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের প্রবেশ করছেন।
বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা সীমান্ত হয়ে চোরাপথেই বহু বাংলাদেশি ভারতে ঢুকে পড়ছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তারপরও বহু বাংলাদেশির অবৈধভাবে ভারতে প্রবেশ অব্যাহত রয়েছে।
প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়। তাদের অনেককে আটক করা হয়েছে, আবার অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই অবস্থায় সীমান্ত হয়ে অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিলো ত্রিপুরা।
নিজস্ব সংবাদ : 










