ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল মালিকরা। গতকাল রোববার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় আরেক সংবাদমাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২ ডিসেম্বর) অর্ধশতের বেশি লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এরপরই ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেয়া হয়।
ডেস্ক রিপোর্ট 










