নেপাল-চীন সীমান্তের ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। একদিনে নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৮ জনের মরদেহ। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন মানুষ। এর মধ্যে ২০ জন নেপালি এবং ১১ জন চীনা নাগরিক।
এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ভোতেকোশি নদীতে বন্যায় চীন ও নেপালকে সংযুক্তকারী “ফ্রেন্ডশিপ ব্রিজ” ভেসে যাওয়ার পর কমপক্ষে আটজন নিহত এবং দুই ডজনেরও বেশি নিখোঁজ রয়েছে।
রাসুওয়া জেলার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাউডেল বলেছেন, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন।
চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার স্রোত। এতে বড় ক্ষতি হয়েছে বলে রয়টার্সকে জানান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে নেপালে রাস্তাঘাট, বিদ্যুৎকেন্দ্র এবং হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করছে চীন।
নেপালের আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানিয়েছে, বন্যার কারণ নির্ণয়ের জন্য তারা সেন্টিনেল এশিয়ার সঙ্গে কাজ করছে। এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য মহাকাশ-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















