টানা ফ্লপ দেয়ার পর শাহরুখ খান ‘পাঠান’ মুভির মাধ্যমে বলিউডে আবার কামব্যাক করেছিলেন। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই মুভির সিকুয়েলের কাজ। ‘পাঠান টু’ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা।
যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
তবে মুভিতে খলনায়কের চরিত্রে কে থাকছেন কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য জানাননি আব্বাস। তবে এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে বড় মুভি শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান টু’ পরিচালনার দায়ভার। মুভিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি পরিচালক আব্বাস টায়ারওয়ালা।
এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি শাহরুখের। সুহানা খানের প্রথম মুভিও হতে চলেছে এটি। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতে অধীর আগ্রহে রয়েছেন তাদের ভক্তরা।
নিজস্ব সংবাদ : 
















