বন্দি অবস্থায় থাকা বিশ্বের সবচেয়ে বড় কুমিরটি মারা গেছে। ক্যাসিয়াস নামের কুমিরটির দৈর্ঘ্য ১৮ ফুটে বেশি! এটির ওজন প্রায় ১ হাজার কেজি বা এক টন। শতবর্ষী কুমিরটি মারা গেছে অস্ট্রেলিয়ার প্রাণী অভয়ারণ্যে।
মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট শনিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, গত ১৫ অক্টোবর থেকে ক্যাসিয়াসের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।
এক ফেসবুক পোস্টে সংস্থাটি শোক প্রকাশ করে বলেছে, ‘ক্যাসিয়াসের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবো। কিন্তু ও আমাদের হৃদয়ে ও স্মৃতিতে আজীবন থাকবে।”
ক্যাসিয়াস ছিল লবণাক্ত পানির কুমির। নিজের দানবাকার গঠনের জন্য সবচেয়ে বড় বন্দি কুমির হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও পেয়েছিল এটি। ২০১৩ সালে ফিলিপাইনের লোলং কুমিরের মৃত্যুর পর ক্যাসিয়াস এই খেতাব পায়। লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬ দশমিক ১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)।
১৯৮৪ সালের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরটি ধরা পড়ে। এরপর থেকে নোনাপানির এই দৈত্যকার কুমিরটি কুইন্সল্যান্ড উপকূলের একটি অভয়ারণ্যে ছিল।
ডেস্ক রিপোর্ট 




















