ব্রাজিলের পশুচিকিৎসকদের হাতে আর বেশি সময় নেই, কঠিন এক মিশনে সফল হতে হবে। প্রথমত ঘন-বসতিপূর্ণ রিও ডে জেনেরিওতে তাদের একটি বক খুঁজতে হবে, যেটির গলায় আটকে আছে প্লাস্টিকের কাপ। অর্থাৎ মিশন প্রধানত দু’টি, এক পাখিটি খুঁজে বের করা এবং দুই- সেটির গলা থেকে প্লাস্টিকের কাপটি বের করে আনা। আশঙ্কা করা হচ্ছে আজকালের মধ্যে বকটি উদ্ধার করা না গেলে মারা যাবে পাখিটি।
রয়টার্স, আলজাজিরায় পাখি ও প্লাস্টিকের বিপদে চিকিৎসকদের এই শ্বাসরুদ্ধকর মিশনের কথা উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, ইস্তাসিও কলেজের বন্য প্রাণী কেন্দ্রে কর্মরত পশুচিকিৎসক ও জীববিজ্ঞানী জেফারসন পাইরস এই সপ্তাহের শুরুতে রিও ডি জেনেরিওর পশ্চিম পাশের গাছগাছালির মধ্যে পাখিটিকে প্রথম দেখেছিলেন এবং তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে বকের করুণ পরিস্থিতি শেয়ার করেন।

রয়টার্সকে তিনি বলেন, “যদিও আমরা প্রায়শই প্রাণীদের পেটের ভিতরে প্লাস্টিকের উপস্থিতি খুঁজে পাই, তবে আমরা কখনই এরকম কেস পাইনি।” তিনি জানান, বকের গলায় প্লাস্টিকের একটি ২০০ মিলিমিটারের কাপ আটকে আছে। কাপটি সম্ভবত ব্রাজিলের জনপ্রিয় গুয়ারানা পানীয়র কাপ।
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘বকের তার গলায় আড়াআড়ি আটকে থাকা প্লাস্টিকের কাপের কারণে খেতে পারবে না এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে।’
“মানুষ এখনও বুঝতে পারেনি যে আমাদের প্রকৃতি প্রয়োজন,” আক্ষেপ প্রকাশ করে পরিবেশবিদ ইসাবেল ডি লয়েস বলেছেন, রিও ডি জেনেরিও এবং ব্রাজিলের পরিবেশ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
গলায় প্লাস্টিক আটকানো বকটি কোকোই হেরন (আরডিয়া কোকোই) প্রজাতির, যা লাতিন আমেরিকার সবচেয়ে বড় প্রজাতির বক, যার সঙ্গে গ্রেট ব্লু হেরনের বেশ মিল রয়েছে।
পশুচিকিৎসক জেফারসন বলেছেন, এখন আমাদের মিশন পাখিটিকে দ্রুততম সময়ে খুঁজে বের করা এবং অস্ত্রোপচারের মাধ্যমে পাখিটির গলা থেকে প্লাস্টিক কাপটি বের করা।
ডেস্ক রিপোর্ট 




















