আজ ১৭ মার্চ, বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী।
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেন স্বাধীন বাংলাদেশের রূপকার মুজিব। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন।
ব্রিটিশ শাসনামলে জন্ম নেওয়া বঙ্গবন্ধু কৈশোর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি প্রথমবারের মতো কারাবরণ করেন। পরে কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন প্রখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে আসেন, সেই থেকেই মূলত শেখ মুজিব ধীরে ধীরে একজন রাজনীতিক হয়ে উঠতে থাকেন।
১৯৪৭ সালের দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্রনেতা। পরে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। এরপর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়কে পরিণত হন। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা বজ্রকণ্ঠের এই নেতা পাকিস্তানি শাসকদের সময়ে মোট ৪ হাজার ৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন। তবু লক্ষ্যে অটুট থেকেছেন।
’৬৬-র ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তার ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন গতি দেয়।
২৫ মার্চ রাতে পাকিস্তানিরা তাঁকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশের পুলিশ-সেনা, ছাত্র-শ্রমিক-জনতা।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে এসে ১২ জানুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব নিয়ে নানা অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হচ্ছিল তাঁকে। এরই মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবার নিহত হন তিনি।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৭ মার্চ দিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালিত হতো। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গত বছরের মত এবারও ভিন্ন প্রেক্ষাপটে এসেছে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দিনটির রাষ্ট্রীয় মর্যাদা ও সরকারি ছুটি বাতিল করে।
তবে ২০২৬ সালের ১৭ মার্চ বাংলাদেশের প্রায় সব মূলধারা সংবাদমাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকীর প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 










