বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ধাপে ধাপে রূপ বদলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সোমবার বিকাল বা মঙ্গলবার সকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে । নিম্নচাপে পরিণত হওয়ার পর বোঝা যাবে এটা উড়িষ্যা যাবে না, বাংলাদেশে আঘাত হানবে।
লঘুচাপের প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি বাড়বে, যা ২/৩ দিন থাকতে পারে বলে জানান তিনি। লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হতে পারে ‘দানা’। নামটি প্রস্তাব করেছে কাতার। আরবিতে এর অর্থ অতি সুন্দর ও মূল্যবান মুক্তা। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।
ভারতের আবহাওয়া অফিস বলছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মঙ্গলবার নিম্নচাপ এবংবুধবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেটি অগ্রসর হয়ে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
ডেস্ক রিপোর্ট 










