দেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭১ জন হয়েছে এবং এছাড়া ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৬৭ জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাজনিত কারণে মৃত ৭১ জনের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ৭ জন এবং শিশু ১৯ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। নিখোঁজ আছেন ১ জন (মৌলভীবাজার)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এক সপ্তাহের মধ্যে করা হবে। বর্তমানে ১১ টি জেলায় ৬৮ টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫ টি পরিবার পানিবন্দি আছে।
সেসময় ত্রাণ উপদেষ্টা বলেন, বন্যায় মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরুপণ ও পুনর্বাসনে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
ডেস্ক রিপোর্ট 




















