বন্যা পরবর্তী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ঘর-বাড়ি নদীর জলে ভেসে গেছে। ফসলের জমি ডুবে গেছে। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত হয়ে থাকে। তাদের সঠিক চিকিৎসা নেবার সুযোগ নেই। আর সেই মানুষগুলো যদি হয় সুবিধাবঞ্চিত তাহলে তাদের দুর্যোগের শেষ নেই।
এসব অহায় মানুষকে বিনামূল্যের চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ছাতারপাইয়া এলাকায় বন্যা কবলিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবায় যুক্ত আছে। মেডিসিন, শিশুরোগ ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১০জন ডাক্তার মিলে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। পানিবাহিত নানান রোগ যেমন, জ্বর-কাশি, আমাশয়, ঠান্ডা জনিত, অ্যাজমা, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তদের সেবা প্রদান করেন।
স্থানীয়রা বন্যার সময় এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই খুশি সাধারণ মানুষ। একটি চিকিৎসা ব্যবস্থাপত্র সাথে প্রায় ৮০ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। ছাতারপাইয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বানভাসি মানুষদের জন্য প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন।
সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ ইফতিখার মাহমুদ, ডাঃ শামিম, ডাঃ রাজিব গাজী, ডাঃ সাজ্জাদুর রহমানসহ মোট ১০ জন ডাক্তার। এর সাথে ছিলেন মেডিকেল অ্যাটেনডেন্টের একটি টিম এবং ‘প্রকৃতি ও জীবন’ ক্লাবের স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সদস্য।
নিজস্ব সংবাদ : 










