বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে সব পক্ষকে শান্ত থাকতে ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একইসঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি।
বিবৃতিতে, বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী নিবিড়ভাবে নজরে রাখছেন।
ফারহান হক বলেন, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি সকল ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক 










