জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (৯ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ কারিগরি ও নির্মাণশ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের আবেদনের অনুরোধ জানিয়েছি আমরা।’
কর্মীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ব্যবস্থা করা হবে বলে জাপানের প্রতিনিধি দলকে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
জাপান প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগুমি।
নিজস্ব সংবাদ : 




















