বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। ১২ অগাস্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তার উপ-মুখপাত্র ফারহান হক।
ফারহান হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশ সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
উপ-মুখপাত্র বলেন, সংসদ নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনার আহ্বান জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট 




















