অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হতে পারেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তারা শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫ টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। আজ ৫ জন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।
ডেস্ক রিপোর্ট 










