বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। ফলে কর্মজীবী মানুষের অফিসে যেতে ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

মোহাম্মদপুর এলাকার বাসিন্দা শিশির আহমেদ সঠিক সময়ে অফিসে যেতে না পেরে, মন খারাপ করে প্রকৃতিবার্তাকে বলেন, বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। কিছু যানবাহন থাকলেও ভাড়া তিন থেকে চার গুন বেশি চাচ্ছে। ময়লা-আবর্জনায় ড্রেন পরিপূর্ণ হওয়ার ফলে বৃষ্টির পানি ঠিকমতো চলাচল করতে পারছে না। বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় পানি উঠে যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে, গতকাল দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা।
এছাড়া অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরেও দেওয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।
প্রকৃতিবার্তা ডেস্ক 










