ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেমের মেয়াদ ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না। কাউন্টডাউন শুরু।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এক্স (সাবেক টুইটার) পোস্টে এসব লেখেন ইয়োভ গ্যালান্ত। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন। গ্যালান্ত লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’
এছাড়া হিব্রু ভাষায় লেখা আরেক পোস্টে নাইম কাসেমের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’

মূলত এ কথা বলে নতুন হিজবুল্লাহপ্রধানকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল।
অন্যদিকে আরেক এক্স পোস্টে ইসরায়েল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্টে বলা হয়, তিনি (নাইম ) যদি তার পূর্বসূরি হাসান নাসরাল্লাহ ও হাসেম সাফিয়েদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে (হিজবুল্লাহপ্রধান) তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।
একই পোস্টে সতর্ক করে আরও বলা হয়, লেবাননে হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ধ্বংস করা ছাড়া আর কোনো সমাধান নেই।

গতকাল মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাইম কাসেমের নাম ঘোষণা করে হিজবুল্লাহ। এর আগে তিনি সংগঠনের উপ-প্রধান ছিলেন।
ডেস্ক রিপোর্ট 




















