মুভিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন বিখ্যাত দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তারপর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে আইনি লড়াই চলছেই। অবশেষে এসব লড়াই থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি।
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। অবশেষে এই অভিযোগ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। ২৫ সেপ্টেম্বর আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন অভিনেত্রী।
এফবিআইয়ের কাছে অ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। জোলি ও পিট। এ সময় তাদের মধ্যে তর্ক হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জোলিকে ঘাড় ধাক্কা দেন পিট, তার মাথা ধরে ঝাঁকান। শুধু তাই নয়, সন্তানদের ওপরও চড়াও হন ব্র্যাড পিট। এক সন্তানের গলা চেপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট।
তবে শুরু থেকেই জোলির এ অভিযোগ অস্বীকার করছিলেন ব্র্যাড পিট। তবে জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় ব্র্যাড পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা।
এই রায়ে সন্তুষ্ট ছিলেন না জোলি। ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি। তবে এই লড়াই আর বাড়াতে চাইছেন না অভিনেত্রী। এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
নিজস্ব সংবাদ : 
















