কয়েকদিন আগেই টেক্সাসে বাঁধভাঙা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভয়াবহ সেই বন্যায় পানির তোড়ে ভেসে গিয়েছিল ওই এলাকায় সামার ক্যাম্পে আসা বহু শিক্ষার্থী। মৃত্যু হয়েছিল প্রায় দেড়শ জনের। টেক্সাসের পর এবার ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিসহ কয়েক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চলগুলো। এমন পরিস্থিতিতে নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ফি।
বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়। বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন।
গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশাপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়।
নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি জমে গেছে। পানি এতই বেশি ছিল যে সেগুলো ট্রেনের বগির ভেতর প্রবেশ করে। পানি যেন গায়ে না লাগে সেজন্য যাত্রীদের ট্রেনের আসনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।
দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় সোমবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু কিছু বাড়ির বাসিন্দারা জানান তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি প্রবেশ করেছে। এরপর সেখানে বিপর্যয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যদিও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজার্সির গভর্নর ফিল মারফি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে এক্সে লেখেন, ‘রাজ্যের কিছু এলাকায় আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টির কারণে জরুরি অবস্থা ঘোষণা করছি। দয়া করে সকলে ঘরে থাকুন এবং ভ্রমণ এড়িয়ে চলুন। নিরাপদে থাকুন।’
সর্বশেষ খবর অনুযায়ী বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তখন পানিও নেমে যেতে শুরু করে। তবে কোথাও কোথাও এখনো পানি জমে আছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















