ইউরোপে চলছে তাপপ্রবাহ, চীনের পূর্বাঞ্চলেও তীব্র গরম, এরই মধ্যে আবার বিশ্বের নানা দেশে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। জলবায়ু পরিবর্তনে প্রকৃতির ভয়াল রূপ দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ, এশিয়ার কয়েকটি দেশ। পাকিস্তানে বন্যায় একদিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৪ জনে। চীনের ফুজিয়ানে রেকর্ড বৃষ্টিপাতে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি ও যোগাযোগ ব্যবস্থা।
শনিবার (১২ জুলাই) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা। রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেয়নসহ অন্তত ৮টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। কাতালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার।
একইদিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ১৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে, যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোমর সমান পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল।
পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কৃষিকাজে ব্যবহৃত বহু ট্রাক্টর নদীতে ভেসে গেছে, বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এ বন্যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্য পরিদর্শন করেছেন। বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে প্রেসিডেন্ট এ সফর করেন।
ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানে চড়ে টেক্সাসের সান অ্যান্টোনিওর কাছে একটি বিমানঘাঁটিতে নামেন এবং তারপর কেরভিল শহরে যাত্রা করেন। সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাসের মধ্যে টেক্সাসের এই বন্যাই সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। এক সপ্তাহ আগে টানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে ওই অঞ্চলের বহু ঘরবাড়ি, সামার ক্যাম্পের শিশুসহ যানবাহন এবং আরও বহু মানুষ ভেসে যায়।
এর মধ্যেই টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















