মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব, কুয়েতসহ অন্যান্য আশপাশের আরবদেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাসগুলো।
সৌদিতে বাংলাদেশ দূতাবাস সোমবার ২ মার্চ জারি করা বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে শান্ত থাকতে হবে এবং গুজব থেকে বিরত থাকতে হবে। সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো—
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং),
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) এবং
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস ভিডিওধারণ করতে বারণ করেছে: ২ মার্চ কুয়েতে বাংলাদেশের দূতাবাস একটি জরুরি নির্দেশনা জারি করেছে। যেখানে ক্ষেপণাস্ত্রের ভিডিও করার ক্ষেত্রে কিছু কঠোর সতর্কবার্তা দিয়েছে দূতাবাস।
ফেসবুকে নিজেদের পেইজে বিবৃতিটি তুলে ধরেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সেখানে লেখা, ‘সতর্কতা: আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য, ছবি বা ভিডিও করবেন না এবং সামাজিক মাধ্যমে শেয়ার বা লাইভ করবেন না। লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকৃতিবার্তা ডেস্ক 




















