শীতের আগমন মানেই শুষ্ক ত্বক, ফাটা ঠোঁট। শীত আসতেই ত্বক, ঠোঁট, চুল, হাত-পা সবই হয়ে ওঠে শুষ্ক। এ সময়ের ঠান্ডা আবহাওয়া শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। তাই শীতে চায় ত্বকের বাড়তি যত্ন। ঠান্ডা আবহাওয়া ত্বককে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে ঠোঁটকে। বারবার লিপবাম ব্যবহার করেও ঠোঁটের শুষ্কতা কাটিয়ে উঠতে না পারার অভিজ্ঞতা অনেকেরই আছে। ঠোঁটের চামড়া ওঠা, ফাটা এমনকি ক্ষত সৃষ্টি হওয়া- এই সমস্যাগুলো শীতকালে বেশ সাধারণ।
কেন শীতে ফাটে ঠোঁট?
পানিশূন্যতা: শুষ্ক ঠোঁটের সমস্যার অন্যতম কারণ দেহে পানির অভাব। যে কারণে ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে উঠে গেলেও সেই তুলনায় দ্রুত গজাতে পারে না। পর্যাপ্ত পরিমাণে পানি না পান করলে শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং ঠোঁট শুষ্ক হয়ে ফাটে।

পুষ্টির অভাব: বিশেষ করে ভিটামিন বি-১২, এর অভাব ঠোঁট ফাটার একটি প্রধান কারণ। ভিটামিন বি ১২ কোষের বৃদ্ধি ও সেরে ওঠাতে বিশেষভাবে প্রয়োজন। এই ভিটামিনের অপর্যাপ্ততায় মুখে শুষ্কভাব তৈরি হতে পারে। বি ভিটামিন দেহ বেশি সময় ধরে রাখতে পারে না। তাই প্রতিদিনের খাবারের মাধ্যমে এই ভিটামিনের চাহিদা পূরণের প্রয়োজন পড়ে।
সূর্যের অতিরিক্ত তাপ: সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটের ত্বককে ক্ষতিগ্রস্ত করে। গরমের মধ্যে ঠোঁটের সমস্যা বাড়ার অন্যতম কারণ হতে পারে সূর্যের আলো। রোদের পোড়া শুধু দেহে নয় মুখেও হতে পারে।
ইস্ট সংক্রমণ: যদি ঘুমের মধ্যে নিচের পাটির দাঁত বা চোয়াল সামনের দিকে এগিয়ে থাকে অথবা লালা ঝরে তবে সেটা হতে পারে ঠোঁটে ইস্টের সংক্রমণ। আর এই ঠোঁটের আশপাশেও দেখা দেবে।

ঘরে বানানো লিপ স্ক্রাব দিয়ে ঠোঁটের যত্ন নিন:
শীতকালে ঠোঁটের যত্ন নিতে ঘরে বানানো লিপ স্ক্রাব খুবই কার্যকরী। এই স্ক্রাব ঠোঁটের মৃতকোষ দূর করে, ঠোঁটকে মসৃণ করে এবং ফাটা রোধ করে। চলুন তেমনি কিছু কার্যকরী স্ক্রাব বানানোর প্রক্রিয়া জেনে নেয়া যাক:

ব্রাউন সুগার স্ক্রাব: ব্রাউন সুগার শরীরের জন্যও যেমন উপকারী ঠিক তেমনই ত্বক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। এতে আরও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, ঠোঁটকে করে মসৃণ ও উজ্জ্বল। ব্রাউন সুগার, মধু এবং নারকেল তেল মিশিয়ে এই স্ক্রাব তৈরি করা যায়। ১ টেবিল চামচ বাদামি চিনির সঙ্গে আধা টেবিল চামচ মধু ও তেল মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন ঠোঁট কতটা নরম হয়ে গেছে। এরপর ঠোঁটে লিপজেল ব্যবহার করুন।

গ্রিন টি স্ক্রাব: গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক দূষণমুক্ত করে। গ্রিন টি, টকদই, অলিভ অয়েল এবং চিনি মিশিয়ে এই স্ক্রাব তৈরি করে নিন। এবার এই মিশ্রণ ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দেখবেন ঠোঁটের মৃতকোষ উঠে যাবে। ফলে ঠোঁটের চামড়াও আর উঠবে না আর ঠোঁট ও ফাটবে না।

কফি স্ক্রাব: কফি একটি চমৎকার এক্সফোলিয়েটর। কফি স্ক্রাব তৈরি করতে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিন। আলতো হাতে ঠোঁট স্ক্রাব করুন। ঠোঁটের উজ্জ্বলতা ও কোমলতা বাড়ায় এটি। ক্যাফেইন রক্ত সঞ্চালন উন্নত করে, ফলে ঠোঁটের গোলাপি আভা ফিরে আসে। নিয়মিত কফি স্ক্রাব ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হবে, ঠোঁটের চামড়া ওঠা ও ফাটাও রোধ হবে।
ঠোঁটের যত্নের আরও কিছু টিপস:
- নিয়মিত লিপবাম ব্যবহার করুন: সব সময় সঙ্গে একটি লিপবাম রাখুন এবং ঠোঁট শুষ্ক হলেই ব্যবহার করুন।
- মানসম্পন্ন লিপস্টিক ব্যবহার করুন: শীতের সময় ম্যাট লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলুন।
- ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করুন: মুখের লালা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে।
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন: পানিশূন্যতা রোধ করতে প্রচুর পরিমাণে পানি পান করুন।
- সুষম খাদ্য গ্রহণ করুন: পুষ্টিসমৃদ্ধ খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখুন।
ঘরে বানানো লিপ স্ক্রাব এবং উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে আপনি পুরো শীত ঠোঁটকে মসৃণ ও কোমল রাখতে পারবেন।
ডেস্ক রিপোর্ট 










