ছাত্র-জনতারআন্দোলনে ‘গণহত্যার’ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ আটজনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ যে ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন- সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি, মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিল।
জুলাই-অগাস্টের ‘গণহত্যার’ মামলায় এর আগে সোমবার সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ডেস্ক রিপোর্ট 




















