যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে স্মরণকালের অন্যতম শক্তিশালী হারিকেন ‘মিল্টন’। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার।
১০-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিয়েছে উপকূলীয় অঞ্চলে। বিবিসি জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডায় ৩০ লাখের মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। সেন্ট লুসি কাউন্টিতে হতাহতের খবরও এসেছে।

তবে আশার কথা হচ্ছে, মিল্টন পুরোপুরি ৫ মাত্রার অর্থাৎ সুপার সাইক্লোন হিসেবে স্থলভাগে আঘাত হানেনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে উপকূল অতিক্রম করার সময় মিল্টন ছিল তিন মাত্রার হারিকেন। উপকূলে উঠে আসার পর বৃষ্টি ঝরাতে ঝরাতে তা দুই মাত্রার হারিকেনে পরিণত হয়।

ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি বলেছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫টি বাড়ি লন্ডভন্ড করে দেয়। এর মধ্যে অনেকগুলো বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা।
ঝড়ের প্রথম ঝাপটা সামাল দিতে পুলিশ, জরুরী সেবাকর্মীরাও আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হারিকেনের মাত্রা কমে আসায় পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা আবার কাজ শুরু করেছেন।

মাত্রা কমলেও এ ঝড় এখনও যথেষ্ট শক্তিশালী। প্রবল বৃষ্টি ঝরানোর কারণে বিভিন্ন স্থানে হড়কা বান আর জলাবদ্ধতা দেখা দিতে পরে বলেও সতর্ক করেছে হারিকেন সেন্টার।
ফ্লোরিডার পূর্ব উপকূলের সেন্ট লুসি কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, ওই এলাকায় ঝড়ের মধ্যে একাধিক মানুষের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। তবে মৃতের সংখ্যা বা আর কোনো বিস্তারিত তথ্য শেরিফ অফিস তাৎক্ষণিকভাবে দিতে পরেনি।
ডেস্ক রিপোর্ট 




















