প্রাণিজগতে স্ত্রী প্রজাতিই শুধু গর্ভধারণ করে, তাদের ডিম অথবা গর্ভ থেকে বাচ্চার জন্ম হয়। কিন্তু প্রকৃতি বড্ড বিচিত্র এবং চমক জাগানো এর জীববৈচিত্র্য। তাইতো আশ্চর্য লাগলেও সত্যি যে প্রাণী জগতে এমন এক পরিবারের কয়েকটি প্রাণী আছে যাদের পুরুষরা সন্তান জন্ম দেয়! বলা হচ্ছে সিংনাথিডি পরিবারের কথা। এটি আসলে মৎস্য গোষ্ঠীর একটি পরিবার, যার পুরুষেরা গর্ভে সন্তান ধারণ করে। এরা মূলত সি-হর্স এবং এই জাতীয় প্রাণী যেমন পাইপ ফিশ এবং সি-ড্রাগন। এরা সবাই সামুদ্রিক প্রাণী। সারা বিশ্বেই সামুদ্রিক অঞ্চলে কমবেশি এসব প্রাণী দেখা যায়।

পুরুষ হয়েও এরা কিভাবে গর্ভধারণ করে? জানা যাক এর উত্তর। মূলত স্ত্রী সি-হর্স নিজের ডিমগুলোকে সঙ্গী পুরুষ সি-হর্সের দেহে স্থানান্তর করে। পুরুষ সি-হর্সের পেটে থাকে বিশেষ একটি থলি, যাকে বলে ব্রুড পাউচ। মাত্র ৬-৮ সেকেন্ডের মধ্যে স্ত্রী সি-হর্স তার পুরো ডিম্বাণু ঢেলে দেয় পুরুষের থলির মধ্যে। থলির ভেতর থাকে সমুদ্রের পানি। পুরুষটি এবার সেই পানির ভেতর শুক্রাণু ছেড়ে দেয়। শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়। তৈরি হয় ভ্রুণ।

পুরুষ সি-হর্স প্রজাতিভেদে ৯ থেকে ৪৫ দিন গর্ভধারণ করে। বাচ্চাগুলো প্রসবের উপযোগী হয়ে গেলে, পুরুষ সি-হর্স প্রজাতিভেদে ১০০ থেকে ১০০০টি বাচ্চা প্রসব করে। সি-হর্সের এই বিপুল বাচ্চাদের মধ্যে বেশির ভাগই পুরোপুরি বেড়ে ওঠার আগেই প্রকৃতির নানা বাঁধা, শিকারি প্রাণীর খাবারে পরিণত হয়। খুব কম সংখ্যায় সি-হর্সের বাচ্চা পূর্ণ বয়স্ক হওয়ার সুযোগ পায়।

পাইপ ফিশের ক্ষেত্রে পদ্ধতিটা প্রায় একই। সি-হর্সের মতোই এদের মুখ এবং লম্বাটে শরীর। সি-হর্সের চাইতে বেশি লম্বা। সি-হর্সের মতোই স্ত্রী পাইপ ফিশ পুরুষের জনন থলিতে ডিম পাড়ে। থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং দুই সপ্তাহ পর বাচ্চা ফুটে বের হয়। পুরুষ পাইপ ফিশ তাদের জনন থলিতে ৫ থেকে ৪০টি ছানা ধারণ করতে পারে।

তবে পাইপ ফিশের আরেকটি মজার বিষয় হলো, তারা ছানার যত্নের ক্ষেত্রে স্ত্রী সঙ্গীকে গুরুত্ব দেয়। যদি স্ত্রী পাইপ ফিশটি বড় ও আকর্ষণীয় হয়, তবে পুরুষটি তার ছানাদের বেশি যত্ন নেয়। অন্যদিকে, দুর্বল বা অসুন্দর স্ত্রী পাইপ ফিশের ডিম থেকে জন্ম নেওয়া ছানাদের জন্য কম পুষ্টি সরবরাহ করে।
প্রকৃতির খেয়াল এবং জীববৈচিত্র্যের আশ্চর্য দুনিয়ায় সিংনাথিডি পরিবার সত্যি জীব জগতের বিস্ময়।
ডেস্ক রিপোর্ট 




















