ঈদ হোক কিংবা দিওয়ালি, বলিউড মানেই যেন সালমান খানের সিনেমা। সারা বছর ধরে বড় পর্দায় তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন তার ভক্তরা। কিন্তু জানেন কি একটা সময় ডুবতে বসেছিল সালমান খানের ক্যারিয়ার।
বলিউড ভাইজান হওয়া সত্ত্বেও তার একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিলেন। কিন্তু ভাইজান কীভাবে সেই সময় ভরাডুবি থেকে বেঁচেছিলেন জানেন কি?
সময়টা তখন ছিল ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে। ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘ফির মিলেঙ্গে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘লাকি: টাইম ফর লাভ’ মুক্তি পেয়েছিল এই সময়। কিন্তু সালমানের এই ছবিগুলি বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি। কারিনা কাপুরের সঙ্গে ‘কিঁউ কি’, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘সালামে ইশক্’ ছবি দু’টিও ফ্লপ হয়।
ফলে এই সময়টিকেই সালমানের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় ছিল বলে মনে করা হয়। কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল তার এবং প্রযোজকদের। ভেঙে পড়েছিলেন সালমান খান। এরপরেই তার হাতে এমন একটি ছবি আসে, যা তার জীবনের মোড় ঘু্রিয়ে দেয়।
২০০৭ সালে ‘পার্টনার’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান। ছবিতে ছিলেন গোবিন্দ, লারা দত্ত ও ক্যাটরিনা কাইফও। এই ছবিতে সালমানকে প্রেমের পরামর্শ দাতার চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে। এমনকি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছিল।
২৮ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল ‘পার্টনার’। কিন্তু বক্স অফিসে সেই সময় এই ছবি ১০০.৯১ কোটি টাকার ব্যবসা করেছিল। বলা হয়ে থাকে সালমানের কর্মজীবনে সঞ্জীবনীর মতো কাজ করেছিল এই ছবি। শুধু ছবিই নয়। ছবির গানগুলোও সাড়া ফেলেছিল।
নিজস্ব সংবাদ : 
















