ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন।
এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















