দুয়ারে আসি আসি করছে শীত। আসার সময় হলেও এখনো দেখা দেয়নি শীত। শীতের আগমনী বার্তা শুনে সকলেই উচ্ছ্বসিত হলেও ত্বকের জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ। শীতের সমস্ত লক্ষণ এসে হাজির হয়েছে ত্বক জুড়ে। দেখা দিচ্ছে ত্বকের নানান সমস্যা। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে এই সমস্যা স্বাভাবিক ভাবেই একটু বেশি। যেকোনও কিছুর প্রভাব সরাসরি ত্বকে এসে পড়ে। তাতেই বাঁধে সমস্যা। শীত পুরোপুরি না আসলেও ত্বকের দেখাশোনা এখন থেকেই শুরু করা জরুরি। এইসময় ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়, উজ্জ্বলতা হারাতে থাকে, ব্রণ, র্যাশ তো আছেই। তাই শীত আসার আগেই ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কী ভাবে নেবেন ত্বকের যত্ন? জেনে নেয়া যাক।
ময়েশ্চারাইজার: শীতের সবচেয়ে বড় সমস্যা হল ত্বক শুষ্ক হয়ে যাওয়া। জাঁকিয়ে শীত পড়ার আগে থেকেই ত্বক শুকিয়ে যেতে শুরু করে। শীতে ত্বকের যত্নের শুরুতেই ময়েশ্চারাইজার থাকা অত্যন্ত জরুরি। ত্বক ভিতর থেকে মসৃণ, নরম ও কোমল রাখতে ময়শ্চারাইজার জাতীয় প্রসাধনীর ব্যবহার অপরিহার্য। এ ক্ষেত্রে ঘরোয়ো কিছু টোটকা ব্যবহার করতে পারেন। নারকেল তেল খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
সানস্ক্রিন: অনেকে ভাবেন শীতে সানস্ক্রিনের দরকার হয় না। অথচ শীত, গ্রীষ্ম, বর্ষা— সব ঋতুতেই ত্বকের পরিচর্যার ভরসা হোক সানস্ক্রিন। শীতের আমেজ পড়তেই সূর্যের আলো খানিকটা নরম হয়েছে বলেই সানস্ক্রিনের ব্যবহার বন্ধ করা যাবে না। বরং গ্রীষ্মের চেয়ে শীতের রোদ ত্বক বেশি পোড়ে। তাই শীতকাল আসার আগেই সানস্ক্রিন মাখতে শুরু করুন। সানস্ক্রিন সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে।
এক্সফোলিয়েশান: ত্বকে জমতে থাকা মরা কোষ উজ্জ্বলতা ছিনিয়ে নেয়। মৃত কোষ দূর করতে নিয়মিত এক্সফোলিয়েশন করুন। এতে মৃত কোষগুলি ত্বক থেকে দূর হয়ে দ্রুত উজ্জ্বলতা ফিরবে। অ্যালোভেরা এবং কফির মাস্ক ব্যবহার করলে ভালো উপকার পারেন।
পর্যাপ্ত পানি পান: উজ্জ্বল ত্বক পেতে পর্যাপ্ত পানি খাওয়ার কোনও বিকল্প নেই। যদিও শীত এলে পানির চাহিদা কমে যায়। তাই দেখা যায় ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায় পানির অভাবে। তাই পানি খাওয়া নিয়ে অবহেলা করলে চলবে না। কাজের ফাঁকে ফাঁকেও পানি খেতে থাকুন। গরম পানিতে লেবুর রস মিশিয়েও খেতে পারেন।
লিপবাম ব্যবহার: ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্নেও নজর দিতে হবে। তাই লিপস্টিক ছাড়াও মাঝে মাঝে লিপ বাম ব্যবহার করুন। লিপ বাম ঠোঁট মসৃণ, নরম এবং কোমল রাখে। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতেও লিপ বাম সমান উপকারী।
শীত আসার আগেই এই সহজ উপায়গুলো অনুসরণ করে আপনি সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক পেতে পারেন।
ডেস্ক রিপোর্ট 










