বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন জেনারেল ওয়াকার–উজ–জামান। গতকাল রোববার সেনা সদর দপ্তরে সেনাপ্রধানের কক্ষে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার উত্তরসূরির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন।
রেওয়াজ অনুযায়ী তারা দায়িত্ব হস্তান্তরের নথিতে সই করে সবুজ রঙের ফাইল বিনিময় করেন। পরে পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এরপর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে জেনারেল ওয়াকার–উজ–জামান সেনাবাহিনী প্রধানের চেয়ারে বসেন এবং এর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়।
নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
পরবর্তীতে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে ‘জেনারেল র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে দায়িত্বভার গ্রহণ করার জন্য অভিনন্দন জানান এবং তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৩ জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘জেনারেল’ পদে পদোন্নতি প্রদানপূবক পরবর্তী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ আদেশ জারি করা হয়।
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
নিজস্ব সংবাদ : 

























