সমুদ্র মনে আনে প্রশান্তি। তাই পর্যটকরা দলবেঁধে ছুটে যায় সমুদ্র সৈকতে। আর তাতেই বাধে বিপত্তি। পরিবেশ বিষয়ে অসচেতন এবং দায়িত্বজ্ঞানহীন মানুষরা নিজেকে প্রফুল্ল রাখার জায়গাটিতে ফেলে আসছেন সিগারেটের অবশিষ্টাংশ অর্থাৎ বাট, প্লাস্টিক স্ট্র সহ ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের নানা জিনিসপত্র। বিস্তীর্ণ সৈকতে এসব ক্ষুদ্র দূষণ পদার্থ পরিষ্কার কর্মীদের জন্য সাফ করাও বেশ কষ্টের। তাই এবার সৈকতে এসব বর্জ্য দূর করে পরিবেশ ভাল রাখতে ময়লা কুড়ানো রোবট নামিয়েছে ইতালি।
ইতালির সমুদ্র সৈকতে ধূমপায়ীদের ফেলে দেওয়া সিগারেটের বাট বা গোড়া উদ্ধারে এক ধরনের রোবটের ব্যবহার শুরু করেছেন ইতালীয় প্রযুক্তিবিদরা। ইনস্টিটিউট অফ টেকনোলজির বিশেষজ্ঞ দল এ বিশেষ ধরনের রোবট তৈরি করে পরিবেশ দূষণ রোধের প্রকল্প হাতে নিয়েছেন।
এই রোবটের নাম ভেরো, বড় করে বললে ভ্যাকুয়াম ক্লিনার-ইক্যুইপড রোবট। রোবটটি আকারে কুকুরের সমান। কোনোটি চাকায় আবার কোনোটি চার পায়ে ভর করে হেঁটে বেড়ায় সৈকতে। চলতে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সিগারেটের বাট এবং ক্ষুদ্র প্লাস্টিক সামগ্রী সনাক্ত করে দেহে থাকা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সেগুলো টেনে নেয় ভেরো।

ইতালীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির ডক্টর ক্লাউডিও সেমিনি বলেন, ‘মানুষ কীভাবে তাদের সিগারেটের বাটগুলো সমুদ্র সৈকতে রেখে যাচ্ছে, এই হতাশা থেকেই জন্ম নিয়েছে ভেরো রোবটটি। ভেরো যেন চারপাশে পড়ে থাকা আবর্জনার ধরনকে শনাক্ত করতে পারে সেজন্য এআই সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে এটি বোতলের ক্যাপ বা প্লাস্টিকের ছোট টুকরা উদ্ধারেও ব্যবহার করা হতে পারে।’
ভেরো ক্যামেরা সিস্টেম এবং অ্যালগরিদম ব্যবহার করে তার সিগারেটের বাটসহ ক্ষুদ্র প্লাস্টিক শনাক্ত করে । এটি সফলভাবে বিভিন্ন পরিবেশে প্রায় ৯০ শতাংশ সিগারেটের বাট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ক্লাউডিও সেমিনি বলেছেন, ‘এই রোবট আরও কিছু ব্যাপারে সহায়তা করতে পারে। যেমন কোন এলাকায় কী পরিমান বস্তু আছে এবং বোতল কিংবা পিজ্জার কার্টনের মতো বস্তুও খুঁজতে পারে এটি। এছাড়া যেহেতু এটি ক্ষুদ্র বর্জ্য শনাক্ত করতে পারে তাই বর্জ্য পাওয়ার সিগনাল পেলে সেগুলো পরিচ্ছন্নতা কর্মীদের কাজও সহজ করবে।’
ডেস্ক রিপোর্ট 










