বৈশ্বিক খরা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগকে প্রাধান্য দিয়ে সৌদি আরবে শুরু হলো জাতিসংঘের মরুকরণ বিরোধী সম্মেলন বা ইউএন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (ইউএনসিসিডি) । ‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ থিমের অধীনে সম্মেলনটি ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনটিকে ‘সবচেয়ে বড়’ পরিসরের আয়োজন হিসেবে উল্লেখ করেছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সম্মেলনের প্রথম দিন ‘রিয়াদ গ্লোবাল ড্রাউট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ’ অর্থাৎ খরা মোকাবিলায় সৌদির পরিকল্পনা তুলে ধরবে এবারের আয়োজক দেশটি।
উদ্বোধনী পর্বে সৌদি আরবের পরিবেশ মন্ত্রী এবং কপ১৬ সম্মেলনের সভাপতি আবদুলরহমান আল-ফাদলি, মরুকরণের বিরুদ্ধে লড়াই করার জন্য তার দেশের প্রতিশ্রুতির উপর জোর দেয়ার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেছেন: “মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যা ভূমি ক্ষয়, খরা এবং মরুকরণ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।”
বেশ উচ্চাভিলাষী লক্ষ্যে শুরু এই সম্মেলন। বাস্তবতা বলছে, বিশ্বের ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার করতে এবং মরুভূমিকে স্বাভাবিক অবস্থায় ধরে রাখতে এই দশকের শেষ নাগাদ কমপক্ষে ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ভূমি ও খরা স্থিতিস্থাপকতার উন্নয়ন এবং জলবায়ু ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে ইউএনসিসিডি। এটি রিও কনভেনশন নামে পরিচিত জাতিসংঘের তিনটি প্রধান চুক্তির একটি থেকে সরাসরি সৃষ্ট বৈশ্বিক প্ল্যাটফরম।
ডেস্ক রিপোর্ট 




















