স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই। প্রভাব বিচারে এই ভয়াবহ বন্যাকে বিপর্যয় বলা হচ্ছে। ইতোমধ্যে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ বলে জানা গেছে। বন্যায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা কর্মীরা।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘দুর্যোগের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো।’
ভারী বৃষ্টির কারণে এখনও ঝুঁকিতে আছে বিভিন্ন এলাকা। আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ। প্রদেশের ক্ষতিগ্রস্ত শহর পাইপোর্তায় এখনে পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত সপ্তাহে মুষলধারে বৃষ্টির জেরে স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। ভেসে গেছে সেতু, শত শত গাড়ি। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে বা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।
স্পেনের সামরিক বাহিনী ও জরুরি দলগুলোকে উদ্ধার ও পরিচ্ছন্ন করার কাজে সহায়তা করছে হাজার হাজার স্বেচ্ছাসেবী।
বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের শোক পালন করা হয়েছে। স্পেনে এবারের বন্যায় মৃতের সংখ্যা ১৯৭৩ সালের পর সবচেয়ে বেশি। ওই বছর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৫০ জন মারা যান।
ডেস্ক রিপোর্ট 




















