হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নতুন টাইপিং ইন্ডিকেটর ফিচার চালু করেছে, যা চ্যাট করার অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। নতুন আপডেটটি অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে এবং চলতি সপ্তাহের মধ্যেই সবার জন্য পাওয়া যাবে।
এতদিন টাইপিং স্ট্যাটাস কেবল চ্যাটবারের ওপরে দেখা যেত। নতুন আপডেটে এটি সরাসরি চ্যাট ফিডে দেখা যাবে। টাইপিং ইন্ডিকেটর চলমান ডটের মতো একটি বাবল আকারে চ্যাট উইন্ডোর ডান পাশে দেখা যাবে। ফলে বার্তা পাঠানোর আগেই অপর প্রান্তের টাইপিং কার্যক্রম সহজেই নজরে আসবে। এটি ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও কাজ করবে। এমনকি একাধিক ব্যক্তি গ্রুপে একসঙ্গে টাইপ করছেন কি না, সেটিও এই নতুন ইন্ডিকেটর দেখাবে।
এ ফিচার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে, তাই আলাদাভাবে এটি চালু করার প্রয়োজন হবে না। আগে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর প্রোফাইল ছবির নিচে ‘টাইপিং’ ট্যাগ দেখতে পেতেন, যা টাইপ করা শেষ হলে ‘অনলাইন’ স্ট্যাটাসে পরিবর্তিত হতো। তবে নতুন বাবল-স্টাইল টাইপিং ইন্ডিকেটরের মাধ্যমে টাইপিং স্ট্যাটাস আরও পরিষ্কারভাবে বোঝা যাবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ আরও কিছু নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মধ্যে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট মেমোরি এবং ভয়েস মোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ‘জেমিনি লাইভ’-এর মতো সুবিধাও যুক্ত হতে পারে।
পাশাপাশি, ব্যবহারকারীরা নতুন চ্যাট থিম কাস্টমাইজ করার সুযোগ পাবেন, যা লাইট ও ডার্ক মোডের বাইরে আরও নতুন অভিজ্ঞতা দেবে। এছাড়াও, কাস্টম লিস্ট তৈরির সুবিধা চ্যাট ফিডের শীর্ষে দেখা যাবে।
ডেস্ক রিপোর্ট 










