কিউবায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘রাফায়েল’। ঝড়ের আঘাতে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশটির বিদ্যুৎ সংযোগ, অন্ধকারে পুরো কিউবা। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আছড়ে পড়ে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৮৫ বিলোমিটার (১১৫ মাইল) বেগে হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হানার পর ক্যারিবিয়ান এই দ্বীপটি দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে।
দেশটির জাতীয় শক্তি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “হারিকেন রাফায়েলের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে”।

বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং কাদা ধসের সতর্কতাসহ ক্যাটাগরি-৩ এই ঝড়টি কিউবার স্থলভাগে আছড়ে পড়ে। তবে এর আগেই কমপক্ষে ৭০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয় কিউবান কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবার জ্বালানি অবকাঠামোর ত্রুটি মেরামত কঠিন হয়ে পড়েছে। এ কারণে গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে ব্ল্যাকআউটের জেরে চার দিন ধরে দেশটির কোটি মানুষ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এর কয়েক সপ্তাহ পর আবারও বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনা ঘটল। এছাড়া গত অক্টোবরের সংকটের মধ্যে কিউবাতে হারিকেন অস্কার আঘাত হেনেছিল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা সেই হারিকেনের তাণ্ডবে অন্তত ছয়জন নিহত হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, শক্তিশালী এই ঝড়টি বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম কিউবাজুড়ে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এই ঝড় মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে।
ডেস্ক রিপোর্ট 




















