দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও আটজন বেড়ে ৬৭ তে দাঁড়িয়েছে । মৃত ব্যক্তিদের মধ্যে ৪২ জন পুরুষ, ৭ জন নারী ও ১৮ শিশু। সর্বশেষ হালনাগাদ তথ্যে বন্যায় এই প্রাণহানির চিত্র তুলে ধরেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসব তথ্য গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়।এর একদিন আগে (রোববার) মৃতের সংখ্যা ছিল ৫৯ জন।
মন্ত্রণালয়ের দুর্যোগসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ২৬, কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ আছেন।
বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৬৮টি উপজেলা।
এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দী হয়ে আছে বলে প্রতিবেদনে জানানো হয়। সেখানে বলা হয়, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোয় ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট 




















