বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের ঘরের মাঠের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসসি)। আগামী ১৫ অক্টোবর কাতারের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটি ইরানের খেলার কথা ছিল নিজেদের ঘরের মাঠে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ম্যাচ। নতুন ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আল রাশিদ স্টেডিয়ামের নাম ঘোষনা করা হয়েছে।
এএফসি জানিয়েছে, ফিফার সঙ্গে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এই ম্যাচটি কাতারে খেলার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল বলে জোরালো গুঞ্জণ আছে। এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আগামী বছর কাতারের মাঠে ফিরতি লেগের খেলা আছে ইরানের। ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের কাতারে আগে অ্যাওয়ে ম্যাচ খেলা ফেলার সিদ্ধান্ত শেষ পর্যন্ত গৃহীত হয়নি। বরং ইরান থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ম্যাচটি।
চলতি মাসের শুরুতে ইসরায়েলে ১৮০ টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এরপরই দুই দেশের ভঙ্গুর সম্পর্কে নতুন করে আগুন জ্বলতে থাকে। ইসরায়েল এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এরপর ইরানও পাল্টা হুশিয়ারি দিয়েছে।
এর আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে ইরানে খেলতে না যাওয়ার কারণে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল ভারতের ক্লাব মোহনবাগানকে। ইরানের ট্রাক্সটর এফসির সঙ্গে ম্যাচ ছিল কলকাতার ক্লাবটির। কিন্তু ম্যাচ ভেন্যুতে হাজির না হওয়ায় টুর্নামেন্ট থেকেই মোহনবাগানকে বাদ দিয়ে দেয় এএফসি। ইরানে খেলতে না যাওয়ার দায়ে গত ৭ অক্টোবর মোহনবাগানকে বাদ দেওয়ার পর সে দেশ থেকেই ম্যাচ সরিয়ে নিচ্ছে এএফসি। ইস্তেকললের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট- এ ম্যাচ খেলতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ইরানে যাওয়ার কথা ছিল। কিন্তু এএফসি ইরানের ক্লাবটিকে ম্যাচ তৃতীয় পক্ষের কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে গত বৃহস্পতিবার উজবেকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইরান। গ্রুপ ‘এ’-তে উজবেকদের সমান ৭ পয়েন্ট নিয়ে ইরান আছে দুই নম্বরে। একই গ্রুপে আছে কাতার, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও কিরগিস্তান।
ডেস্ক রিপোর্ট 


























