সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
উদ্ভিদ

ঢাকার প্রাকৃত তরু শাল

মাঝেমধ্যে রাতে যখন ঘুম আসে না, হুটহাট করে মাথা থেকে সারা শরীরে একটা স্বপ্নময় আবেশ ছড়িয়ে পড়ে, মাথার ভেতর জ্বলজ্বল করতে থাকে; ঢাকার অদূরেই তো আছে আমাদের বিশাল বন-শালবন! শালবন! এই যন্ত্রনগরীর উপকণ্ঠেই বনের নিবিড় সবুজ সমাবেশ, মহিরুহ আকার, এর ফুলের গন্ধের অদ্ভুত মাদকতা, এর ফলের ডানা মেলে দূরে উড়ে যাওয়া, এর কাণ্ড বেয়ে ওঠা প্রকাণ্ড সব লতা, নিচে ভুঁইফোড় রঙিন পরী-শঠিফুল, সব মিলিয়ে রূপকথার এক বন যেন! এসব ভেবে ভেবে একসময় ঘুম চলে আসে।
একদিন মনে হলো আসা-যাওয়ার পথের ধারে যে গাছগুলো চোখে পড়ে, তাদের খুঁটিয়ে খুঁটিয়ে, বেশ মনোযোগ দিয়ে চিনতে পারি কি না দেখি। এই ফাঁকে নিজের উদ্ভিদজ্ঞানকেও যাচাই করা যাবে। বড় বড় গাছ, মানে বৃক্ষের সবই নাহয় চিনলাম, ছোট ছোট উদ্ভিদ-ঘাস, গুল্ম, বীরুৎ, লতা চিনি কি না দেখা যাক। বুঝলাম, সব চেনা আমার পক্ষে বেশ কষ্টকর কাজ। অবশ্য অতি-উৎসাহী হলে এই গাছগাছালির পরিচয় বের করা কঠিন নয়। নিজের বইপত্রের সংগ্রহ, ইন্টারনেট, বিশেষ করে ফেসবুকে গাছপালা শনাক্তি গ্রুপগুলোতে (বৃক্ষকথা, বাঙলার গাছগাছড়া) ছবি আর বিবরণী দিয়ে পরিচয়গুলো বের করা যেতে পারে। এতসব যখন ভাবছি, চট করে মনে হলো বৃক্ষ যদি সব চিনি, তাহলে এরা কারা? ঢাকার গাছ মানেই তো মুখস্থ সব গাছ-রেইনট্রি, কৃষ্ণচূড়া, মেহগনি, অ্যাকাশিয়া বা সোনাঝুরি, লম্বু, রয়েল পাম বা বোটলপাম, কনকচূড়া বা পেল্টোফোরাম, ইপিল ইপিল, ইউক্যালিপটাস, গগনশিরীষ, বকুল, দেবদারু, নারকেল, ফুরুস, রাধাচূড়া, টগর, বট, অশ্বত্থ, পাকুড়, কদম, জীবন বা চিকন, আম, কাঁঠাল, জাম, লিচু, তেঁতুল ইত্যাদি ইত্যাদি। আশ্চর্যের ব্যাপার হলো ঢাকার গাছগাছালির তালিকার অধিকাংশ সদস্যই বিদেশি (ওপরের তালিকার রেইনট্রি থেকে দেবদারু পর্যন্ত)। দেশিরাও আছে, তবে বিদেশিদের চাপে দিন দিন সীমাবদ্ধ হয়ে পড়ছে তারা।
এত কথা পাড়ার মূল কারণ হলো ঢাকার ইটকাঠের জঙ্গলে আমাদের দেশের প্রাকৃত গাছগুলো তো বটেই, ঢাকার প্রাকৃত গাছই নেই! এবার তাহলে প্রশ্নটা এসেই পড়ে-ঢাকার আবার প্রাকৃত গাছ কী? আছে; ঢাকার প্রাকৃত গাছ হলো শাল। কিন্তু ঢাকায় একটিও নেই। ‘একটিও নেই’-কথাটায় একটু অত্যুক্তি হয়তো আছে; কেননা ঢাকার উদ্ভিদ সংরক্ষণাগার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে এক টুকরা বনের মতো করে সংরক্ষিত আছে বেশ কয়েকটি শাল। আর আছে বঙ্গভবনের ঘেরাটোপের মধ্যে কয়েকটি গাছ। কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল বলয়ের মধ্যে (ফুলার রোডে) দু-একটি শাল ছিল। ওরাও কাটা পড়েছে বিশালাকার দালান তোলার কারণে। তবে আশার কথা, বেশ কয়েকটি চারাগাছ ঢাকার সুদৃশ্য এলাকা হাতিরঝিলে ধীরে ধীরে বড় হচ্ছে স্থপতি তুঘলক আজাদের বৃক্ষপ্রীতির ছত্রচ্ছায়ায়। সেগুলো মহিরুহের আকার পেলে বড় গলায় আমরা বলতে পারব-দেখো, ঢাকার প্রাকৃত গাছ আছে ঢাকাতেই।

ঢাকায় শালের মতো আরও অনেক কিছুই থাকার দরকার ছিল, যেগুলো এখন নেই। সাদা শাপলা, যা কিনা আমাদের জাতীয় ফুল। ঢাকায় একসময় ছিল, এখন নেই; আছে এর ভাস্কর্য। ঢাকায় ছিল চার ধরনের ঢাক-ইসলাম খাঁর ঢাক, ঢাকেশ্বরীর ঢাক আর ছিল পলাশ আর ঢেঁকিশাক (ফার্নজাতীয়)। শেষোক্ত উদ্ভিদ দুটি পরিচিত ছিল ঢাক নামে, যারা একসময় রাজত্ব করত ঢাকাজুড়ে, তারা এখন প্রায় নেই বললেই চলে। স্থানীয় সংস্কৃতিকে গিলে ঔপনিবেশিক ঢাকা এখন শুষ্কং কাষ্ঠং। ঢাকা ছিল জলাভূমির শহর। শহরজুড়ে ছিল খাল, বিল, পুকুর, নালা, খানাখন্দক। এখন চারপাশ ঘিরে কেবল আছে নদীর অবশিষ্টাংশ। যেহেতু জলাভূমি নেই, লতাগুল্মের ঝোপঝাড়ও নেই। নেই এগুলোকে আশ্রয় করে পোকামাকড়, পাখপাখালি, সরীসৃপ, উভচরজাতীয় প্রাণীসহ নানা জীবজন্তু। ঢাকার পুরোনো সংস্কৃতির কিছুই যেন নেই। এমনকি ঢাকার বুলি, যাকে আমরা ঢাকাইয়া ভাষা বলি, তা-ও ঢাকায় বিস্তৃতি পায়নি। ঢাকার একসময়কার হাতিশালের হাতিও এখন ভাস্কর্য আকারে দর্শনীয় বস্তু।
এত ‘নেই নেই’র ভেতরেও শান্তির পরশ হিসেবে আমাদের মনে জ্বলজ্বল করতে থাকে ঢাকার অদূরে দাঁড়িয়ে থাকা শালবন, হোক সে খণ্ডে খণ্ডে বিক্ষিপ্ত বনের আদলে, তবুও আছে। ঢাকা থেকে প্রাকৃতজনেরা উধাও হয়ে গেছে ঠিকই, ঢাকার উত্তর আর উত্তর-পূর্বে শালবন ও শাল-ভাবাপন্ন গ্রামীণ ঝোপজঙ্গলের উপস্থিতি তো রয়েছে। ঢাকার অদূরে সাভার, গাজীপুর এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কুমিল্লা, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং সিলেটে সামান্য পরিমাণ হলেও প্রাকৃতিকভাবে জন্মানো শালের দেখা মিলবে। বাংলাদেশের বাইরে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে এর উপস্থিতি রয়েছে; আছে নেপালেও। অন্যান্য অনেক শালপ্রাংশুর (শালের মতো দিঘল গাছ) মতো শালের খুব একটা বড় ভৌগোলিক বিস্তৃতি নেই, বলাই বাহুল্য।
শালের অন্যান্য নাম খুঁজে পাওয়া কঠিন। উপমহাদেশীয় মহাকাব্য ‘মহাভারতে’-এর উল্লেখ উজ্জ্বলভাবে থাকাতেই বোধ হয় এর নামবৈচিত্র্য নেই। বৌদ্ধ ‘জাতক’ গ্রন্থেও এর উল্লেখ রয়েছে শাল হিসেবেই। ধারণা করা হয়, শালগাছের নিচে মহাপ্রয়াণ হয় গৌতম বুদ্ধের। উপমহাদেশের অন্যতম প্রধান দুটি ধর্মের বইতে এর নাম থাকাতে জনমনে এর আদি নামটা চিরস্থায়ী ছাপ ফেলে থাকবে, তা অনুমেয়। আর শালগাছের বংশবৃদ্ধি প্রক্রিয়ার জন্য একে হেলায় ভুলে থাকাও অসম্ভবপ্রায়। আমাদের দেশের কয়েকটি এলাকায়, বিশেষ করে টাঙ্গাইল এলাকার লোকজন একে ডাকে গজারি নামে। ছোটবেলায় আমরা ভাবতাম, শাল আর গজারি বুঝি আলাদা দুটি গাছ। আসলে তা নয়, দুটি গাছ একই। গাছের গোড়া কেটে ফেললে তা থেকে অনেক অনেক চারা গজায় বলে এগুলোকে গজারি বলে। এই গজারিগুলোর কারণেই কিন্তু পরে একটি-দুটি করে পুরো এলাকায় শাল ছড়িয়ে পড়তে পারে এবং একসময় তা বড় বনের রূপ নিতে পারে। এ ছাড়া ফল বা বীজের আধিক্য আর তার অভিনবত্ব তো রয়েছেই। এ প্রসঙ্গে পরে আসা যাবে, এখন চলুক শালের গুণনামকীর্তন।
শাল আমাদের দেশের অন্যতম দর্শনীয় ও উঁচু গাছের একটি। তরুটি পত্রমোচী বা আধাপত্রমোচী। লম্বায় ৩০-৪০ মিটার। কাণ্ড উন্নত, ডালপালা খুব একটা বেশি হয় না। পরিণত শালগাছ প্রায় ২৫ মিটার পর্যন্ত ডালপালাহীন থাকে। কাণ্ডের পরিধি বা বেড় হতে পারে-৩.৫ মিটার। শুধু লম্বা বা বেড়ে নয়, এর চাঁদোয়াও বেশ ছড়ানো। শালের নতুন ডালপালা আর পুষ্পমঞ্জরিদণ্ড ধূসরাভ, মিহি রোমে আবৃত। তবে পুরোনো গাছের কাণ্ড গাঢ় ধূসর থেকে গাঢ় বাদামি, ছাল ফাটা-ফাটা। এর নতুন পাতার রূপের প্রশস্তির জন্য আলাদা লেখার প্রয়োজন রয়েছে বলে মনে করি। ফাল্গুন-চৈত্রে লালচে বা তামাটে রঙের নতুন পাতা, বিশেষ করে পুরোনো গাছের গোড়ায় গজানো চারার নতুন পাতার অদ্ভুতসুন্দর রং প্রকৃতিপ্রেমের বীজ বুনে দিতে পারে যে কারও মনে। সারা বছরই শালের অল্পবিস্তর নতুন পাতা গজায়। পরিণত পাতা গাঢ় ও চকচকে সবুজ থেকে হলদেটে; ১২-৩০ সেমি লম্বা ও ৮-১৫ সেমি চওড়া, ডিম্ব-আয়তাকার, আগার দিকে আকস্মিকভাবে চোখা, গোড়ার দিকে গোলাকার কিংবা কিছুটা হৃদয়াকার। পাতা চামড়াবৎ, মানে কিছুটা পুরু। শুকনা পাতা সহজে ভাঙতে চায় না। পাতাগুলো ডালে থাকে একান্তরবিন্যাসে, বোঁটা ২.৫ সেমি। শালের উপপত্র আছে, দৈর্ঘ্যে ১ সেন্টিমিটারের মতো, রোমশ।

শালগাছ পাতা ঝরায় বসন্তের মাঝামাঝিতে। এর আগে দীর্ঘদিন ধরে হলুদ-লাল পাতাগুলো গাছে থাকতে দেখা যায়। পাতা আসার সাথে সাথে আসে শীর্ষস্থ মঞ্জরিতে হলদেটে সাদা রঙের অজ¯্র ফুল। শালবন তখন সুগন্ধে ম-ম করতে থাকে। নিচে ঝরা পাতা আর গাছে ফুলের উৎসব নির্জন বনচারীকে স্বর্গসুখের অনুভূতি দিতে পারে। শাখায়িত পুষ্পমঞ্জরি ১২-১৩ সেমি লম্বা। ফুলের পাপড়িসংখ্যা ৫টি, আকৃতিতে মোড়ানো, ১.২৫ সেমি লম্বা, পরাগকেশর কমপক্ষে ১৫টি, কখনো কখনো ৩০টি পর্যন্তও হতে পারে। উভলিঙ্গ ফুলগুলোতে মৌমাছিসহ বিভিন্ন ধরনের মধুকরের আনাগোনা বেড়ে যায় তখন। একসময় এ শালফুল থেকে পাওয়া মধু চাষ হতো টাঙ্গাইলের মধুপুরে। জনশ্রæতি রয়েছে, মধুপুরের নামটি এসেছে শালফুলে পাওয়া মধুর কারণেই।
শালের উদ্ভিদতাত্ত্বিক নাম Shorea robusta। এর ইংরেজি নাম বাংলা নামের অনুকরণে সেই Sal-ই। এর পরিবার Dipterocarpaceae। শব্দটির অর্থ-দুই পাখাবিশিষ্ট ফল। এ পরিবারের অন্যতম শ্রেষ্ঠ সুন্দর গাছ গর্জন, যেটি আমাদের পাহাড়ি বনের গাছ; তার ফলের ২টি পাখা থাকলেও শালফলের পাখা কিন্তু ৫টি। এই পাঁচটি পাখা দিয়ে বাতাসে ভেসে, ঘুরে ঘুরে অনেক দূর পর্যন্ত যেতে পারে শালফল। ফল প্রায় ১.২৫ সেমি লম্বা। তবে পাখাসহ এর দৈর্ঘ্য দাঁড়ায় ৭-৮ সেমি। ফলের মাথা গোলগাল, গোড়ার দিকে সরু। শুকিয়ে যাওয়া ফল গাঢ় বাদামি, ১০-২০টি অসমান শিরায় চিত্রিত। কাঁচা অবস্থায় লালচে সবুজ রঙের। জুলাই মাসের মধ্যে এর ফল পরিণত হয়। গাছজুড়ে অসংখ্য ফলের উপস্থিতি তখন দারুণ এক দৃশ্যের সূচনা করে। এই দৃশ্য দেখলে যে কারোরই মনে হবে যে একটি ফুলও বোধ হয় বৃথা যায়নি ফলে রূপ নিতে। শালের বংশবৃদ্ধির কাজটি চলে বীজের মাধ্যমে। আর গাছের গোড়ায় গজানো ‘গজারি’ দিয়ে তো তা চলেই।
এবার শালবনের কথায় আসা যাক। মোহনীয় এ বনে আমরা অনেকেই ঘুরতে গেছি, বনভোজন-আনন্দভ্রমণ করেছি! বাংলাদেশে শালবন রয়েছে প্রায় ১২১০০০ হেক্টর এলাকাজুড়ে, যা দেশের মোট বনভূমির প্রায় ৩২ ভাগ। এ বন একসময় ভারতের ডুয়ার্স থেকে মেঘালয়ের গারো পাহাড় হয়ে, পুরো বরেন্দ্র এলাকা হয়ে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা পর্যন্ত বিস্তৃত ছিল। বৈজ্ঞানিক সাক্ষ্য বলছে, লালমাটিযুক্ত শালবনের উৎপত্তি হয়েছে প্লিয়োস্টিন যুগের ভূমিকম্পে, যা কিনা প্রায় ২ লাখ বছর আগের ঘটনা। ভাওয়ালগড় থেকে মানুষের ক্রমবর্ধমান বসতির ফলে কুমিল্লার ময়নামতি অঞ্চলের শালবন একসময় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওদিকে বরেন্দ্র অঞ্চলের ২৮০০ বর্গমাইলের অধিকাংশই ব্রিটিশ আমলে নষ্ট হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের ঘনঘটা ও পরবর্তী সময়ে অরাজক পরিস্থিতি ও লুটপাটের হাতে পড়ে ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনার দুর্গাপুর এবং কুমিল্লার ময়নামতি পর্যন্ত শালবন এখন কোনোমতে ছত্রে ছত্রে ক্ষুদ্র ক্ষুদ্র বন নিয়ে ধুঁকছে। ওই যে বলা হলো, একসময়কার ভাওয়ালগড় থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত যে প্রায়-নিরবচ্ছিন্ন শালবন ছিল, তার স্মারক তো এখন ঢাকা মহানগরীতে নেই। মহানগরের পার্শ্ববর্তী গাজীপুরের শালবনগুলোর অবস্থা এতটাই করুণ যে তা আর বলার নয়। অহরহ প্রকাশ্যে-অপ্রকাশ্যে বন উজাড় হচ্ছে তো হচ্ছেই। প্রতিবছর একবার-দুবারের শালবন অভিযানে টের পাই, দিন দিন এ-বন, ও-বনের পরিধি কমে যাচ্ছে। ৬ বছর আগে দেখা দুর্ভেদ্য শালবনকে দেখেছি ছোট হতে হতে সংরক্ষিত জায়গায় গিয়ে ঠেকেছে-টুকরো টুকরো হয়ে ছোট ছোট আকারের অবস্থান নিয়ে। তা ছাড়া সরকারি উদ্যোগে দেওয়া লিজ-ব্যবস্থা এবং কলকারখানা, বিনোদন কেন্দ্র আর বসতবাড়ি-কৃষিজমির আগ্রাসনের কারণেও বন উজাড় হচ্ছে। বনভূমির পরিমাণ কমে যাওয়ার এ আশঙ্কা থেকে সরকারি উদ্যোগে বিভিন্ন শালবনে ইউক্যালিপটাস, মিনজিরি, অ্যাকাশিয়া, ইপিল ইপিলের মতো ভিনদেশি গাছ রোপণের দুর্ব্যবস্থাও শালবনের পরিধি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ বলে মনে করি। দ্রুতবর্ধনশীলতা ও মাটির ক্ষয় রোধের জন্য গাছগুলো লাগানো হলেও এগুলো আসলে মাটির উর্বরতা কমিয়ে দেয় আর সেগুলোর ফুল-ফল কোনো কাজে আসে না আমাদের দেশি পোকামাকড়, মধুকর, পাখিসহ বিভিন্ন প্রকার জীবজন্তুর। যদিও ইদানীং বন বিভাগের টনক নড়েছে। তারা একেকটি বনের প্রাকৃত গাছগুলোই লাগাতে শুরু করেছে, যা প্রশংসা পাচ্ছে চারদিক থেকে। শাল ও শালবনের প্রাকৃত গাছগাছালিও এ ব্যবস্থায় রোপিত হচ্ছে আজকাল।
শাল সংস্কৃত শব্দ। এর অর্থ প্রাচীর। ঠিক কী কারণে শালগাছের এমন নাম জানা যায় না, তবে শালবনে শালের আধিক্য থাকায় সেটি দুর্ভেদ্য বনে রূপ নিতে পারে বলেই হয়তো এর এমন নাম। কাঠের অনমনীয়তা, পুরুত্ব ও দীর্ঘস্থায়ী গুণের জন্যও এমন নাম হতে পারে।
শালগাছ শালবনের প্রধান অধিকারী। শালবনভূমির শতকরা ৯৬ ভাগই দখল করে থাকে শাল। এ বনে শাল ছাড়াও প্রাকৃতিকভাবে জন্মায় আরও প্রায় ৫০০ প্রজাতির গাছপালা। এর মধ্যে উল্লেখ করা যায়-কুম্ভী বা বিড়িপাতা, পিতরাজ বা রয়না, হলুদ, সোনালু, পলাশ, ত্রিফলার ৩টিই-আমলকী, হরীতকী, বহেড়া, কুসুম, বন-নীল, শটি, শালপানি, কাঞ্চনলতা, পুতিজাম, পলাশলতা, শিলকড়ই, বাজনা, বন-কুল, শিয়াকুল, বৈঁচি, শতমূলি, গান্ধিগজারি, আসরগোটা, গজপিপুল, কুমারীলতা, মেটে আলু, কেও, ভাঁট বা ঘেঁটু, মটকিলা বা দাঁতমাজন, বড় বেত, শালপানি, জিগা, কাকঝিঙ্গা, লুটকি বা দাঁতরাঙ্গা, মনকাঁটা, সবরজ্বালা, বিছুটি, দণ্ডকলস ইত্যাদি।

শালকাঠ লালচে বাদামি রঙের; দারুণ শক্ত, ভারী এবং টেকসই-পোকায় ধরে না। কাঠ দিয়ে কড়িবর্গা, বৈদ্যুতিক তারের খুঁটি, রেলওয়ে ¯িøপার, সেতু, গাড়ির চাকা, বাস-ট্রাকের বডি, নৌকার মাস্তুল, দাঁড়, বর্শা, তাঁবুর খুঁটি, চেয়ার-টেবিল, ইটের ব্লক তৈরি করা যায়। আর তৈরি করা যায় বাঙালি পুলিশের হাতে সেই বিখ্যাত গজারি লাঠি! শালের ডালপালা ও ঝরা পাতা উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
জ্বালানিসংক্রান্ত এ তথ্য জানাতে গিয়ে মনটা আচ্ছন্ন হয়ে যায় এবং তা আশঙ্কার উৎপাতেই। গাজীপুরের এক শালবনের মধ্যে এক রাত থাকতে গিয়ে শুনি, কে বা কারা যেন প্রতিবছর ফাল্গুন-চৈত্রদাহের সময়টাতে বনের মধ্যে আগুন লাগিয়ে দেয়। মাঝেমধ্যে এমনও হয়, খণ্ডে খণ্ডে টিকে থাকা বনগুলো পুড়তে থাকে ভয়ানকভাবে। এটা নাকি স্থানীয় লোকজনের দুই শ-আড়াই শ বছরের সংস্কৃতি! জ্বালানি হিসেবে ডালপালা জোগাড় করার জন্য তাদের এ ব্যবস্থা, যেহেতু শালগাছের ডালপালা দীর্ঘক্ষণ ধরে জ্বলে। যে কারণে শালবনগুলোতে উঁচু শালগাছের দেখা মেলে না মোটেও। শালবন-অভিজ্ঞ একজনের মুখে তাই শুনি : এগুলোকে লোকে বলে গজারি বন। কেননা আসল শালগাছ দুর্বৃত্তেরা কেটে ফেলেছে সেই কবে। কাটা গাছের গোড়া থেকে যেহেতু গাছগুলো উঠেছে, তাই এগুলো গজারি, শাল নয়। স্থানীয়রা শুধু যে ডালপালা পোড়ায় তা-ই নয়, বনতলে পড়ে থাকা পাতাগুলোও তারা কুড়িয়ে নিয়ে যায় প্রতিদিন। হাতেনাতেই প্রমাণ পেয়েছি বনের মধ্যে দু-তিন ঘণ্টাকাল অবস্থান করেই। শালবনে দীর্ঘকায় শালগাছ নেই, নেই বনতলে আদি বনের মতো ফুটের পর ফুট উচ্চতার পাতার স্তূপ। আছে শুধু আগুন লাগিয়ে বন ধ্বংস, পাতাহীন অনুর্বর, শুষ্ক-নাঙ্গা বনতল; যে কারণে প্রাণবৈচিত্র্য ধ্বংস হচ্ছে দিনের পর দিন। তাই ‘বনে ফাগুন মনে আগুন’ নয়, বলতে হয় : বনে আগুন, মনেও আগুন!
মানুষের দৃষ্টিকোণ থেকে শাল খুবই উপকারী গাছ। আগেকার দিনে শালের শুকনা পাতায় খাবার বিতরণ করা হতো। দোকানের টুকটাক জিনিসপত্র বহনের ঠোঙা বা প্যাকেট হিসেবেও ব্যবহার করা হতো শালপাতা। পলিথিন ও টিস্যু ব্যাগ বাদ দিয়ে পরিবেশবান্ধব এই শালপাতা আমরা চাইলেই ব্যবহার করতে পারি প্যাকেটের বিকল্প হিসেবে। চুরুট হিসেবেও এর পাতার ব্যবহার রয়েছে। শালের অন্যান্য অংশও বেশ কাজের। শালফুলজাত মধুর কথা আগেই বলা হয়েছে। এর বাকলে ট্যানিন আছে। ফলের বীজ থেকে তেল পাওয়া যায়। এর মোথাসহ অন্যান্য অংশ দিয়ে কাঠকয়লা বানানো যায়। শালগাছের আঠাকে বলে ধুনা। এই ধুনা থেকে তৈরি সুগন্ধি ধোঁয়া জীবাণুনাশক।
অনেককাল আগে থেকে ঔষধি হিসেবে শালের গুণগান প্রচলিত রয়েছে উপমহাদেশে। শালপাতা মেদ বাড়া, প্রমেহ রোগ, রক্তবমি ও কৃমিতে ব্যবহৃত হয়। শালের থেঁতলানো ক্বাথ মেয়েদের জননেন্দ্রিয়ের রোগে ব্যবহৃত হয়। আঠা বা ধুনার চূর্ণ পানির সঙ্গে খেলে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায় বলে বৈদ্যকদের পুঁথি-পুস্তকে উল্লেখ রয়েছে। শালকাঠের সারাংশ কানের পুঁজেও ব্যবহৃত হয়। কচি পাতা ফোড়া ও কুঁচকি ফোলাতে ব্যবহৃত হয়। পাতাসেদ্ধ পানিতে চুলকানি সারে বলে এক সূত্র থেকে জানা যায়।
শালবৃক্ষ নিঃশাখ, লম্বা ও উন্নত। দেখতে যে সুন্দর এ আর বলার অপেক্ষা রাখে না। পথপাশে লাগানোর জন্য এটি হতে পারে অন্যতম শীর্ষবাছাই। অথচ আমাদের দেশে পথতরু হিসেবে এর ব্যবহার একেবারেই চোখে পড়ে না। আশা করছি আমাদের বন বিভাগসহ দায়িত্বশীল মহল অচিরেই এই কাজটি করবে। কৃত্রিমভাবে হলেও শালগাছ লাগিয়ে ঢাকার হারানো অতীতকে ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
বাংলা সাহিত্য ও সংস্কৃত সাহিত্যে সালের ভূরি ভূরি উল্লেখ রয়েছে। অদূরে নিবিড় শালবন, ফাঁকে-বাঁকে ধানখেত আর এর মাঝে রাখালের গরু চরানো-এ এক স্বর্গকল্প। বাঙালি মহিরুহ রবীন্দ্রনাথ এ দৃশ্য দেখেই হয়তো একদিন গুনগুন করে গেয়ে উঠেছিলেন : ‘ধানের ক্ষেতের পারে/ শালের ছায়ার ধারে/ বাঁশির সুরেতে সুদূর দূরেতে/ চলেছো হৃদয় মেলে-ওগো সাঁওতালি ছেলে।’ শালবন আমার কাছে ‘ওগো সাঁওতালি ছেলে’ই। শুধু এ-ই নয়, রবির আছে আরও গান, যেমন ‘শাল-পিয়ালে তাল-তমালে নিবিড় তিমিরময় কুঞ্জ’।
সবশেষে একটা স্বপ্নের কথা বলি। বিপুল-বিশাল হারানো সেই শালবন তো আর পাব না, সারি সারি শাল পেতে সমস্যা কী! আহা, শাল দিয়ে যদি ঢাকার কোনো একটা প্রশস্ত ও লম্বা রাস্তার দুদিক আচ্ছাদিত থাকত-দোষের কী এমন হতো! হাজার হোক, শাল তো একসময় ঢাকারই ছিল প্রাকৃত তরু।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

উদ্ভিদ

ঢাকার প্রাকৃত তরু শাল

আপডেট সময় ০৩:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪