জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ৩০ কোটি ইউরো ঋণ দেবে ফ্রান্স। বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেবে ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্ট (এএফডি)। এ ছাড়া পলিসি লোন বাস্তবায়নে বিভিন্ন অংশীজনের প্রযুক্তিগত ও বাস্তবায়নগত সহযোগিতা প্রদানে এএফডি পাঁচ মিলিয়ন ইউরো অনুদান সহায়তাও দেবে। এলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং ফ্রান্সের মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।
গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেসিলিয় কর্টসি সিএফএ চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইআরডি।
জলবায়ু পরিবর্তন সমর্থনে নীতি ঋণ কর্মসূচি শীর্ষক প্রকল্পটির মূল উদ্দেশ্য জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ুর নেতিবাচক অভিঘাতের বিরুদ্ধে কার্যকর ও শক্তিশালী ভিত্তি প্রস্তুত করা এবং জলবায়ু-সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণভিত্তিক অগ্রযাত্রাকে সমর্থন করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এএফডি সংস্থাটি ২০১২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এএফডি বিদ্যুৎ ও জ্বালানি , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পরিবহন ও যোগাযোগ এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা প্রদান করছে। এটি একটি দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা, যা ফরাসি সরকারের পক্ষে উন্নয়ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। বর্তমানে ১১টি চলমান প্রকল্পে অর্থায়ন করছে এএফডি । এই প্রকল্পগুলোতে অর্থায়নের পরিমাণ প্রায় ১১৪ কোটি ১৮ লাখ ইউরো বা ১২৪ কোটি ২৭ লাখ মার্কিন ডলার।
নিজস্ব সংবাদ : 




















