বৃথা গেল জাকের হোসেন অনিক শামীম হোসেন পাটোয়ারির ৮৬ রানের জুটি। অন্যদের ব্যর্থতায় এই দুজনের লড়াই সত্ত্বেও ১৩৯ রানে থামে বাংলাদেশ। মামুলি এই লক্ষ্য তাড়ায় ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় শ্রীলংকা।
চলতি এশিয়া কাপে এটি ছিল লংকানদের প্রথম ম্যাচ। সেখানেই বাজিমাত তাদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সহজে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ।
১৪০ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই অবশ্য উইকেট হারিয়েছিল লঙ্কানরা। কুশল মেন্ডিসকে ৩ রানেই ফিরিয়ে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় উইকেটে শুধুই লঙ্কানন শাসনের গল্প। ব্যাটকে চাবুক বানিয়ে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরান পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা। ৫২ বলে ৯৫ রান যোগ করেন এই দুজন। শেষমেশ শেখ মেহেদি হাসানের বলে নিশাঙ্কা ফিরলে ভাঙে এই জুটি। ততক্ষণে ৩৪ বলে ৫০ রান করে ফেলেছেন এই ওপেনার।
এরপর আরও দুই উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি শ্রীলংকার। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন মিশারা। ৩২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মেহেদি।
এর আগে আরব আমিরাতের আবুধাবিতে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৩ রানেই হারিয়ে বসে প্রথম ৫ উইকেট। তবে সেখান থেকে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলংকার সামনে ১৪০ রানের লক্ষ্য দিতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত জাকের ৩৪ বলে ৪১ ও শামীম সমান বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। দৌড়েই বেশি রান নিয়েছেন জাকের। ইনিংসে মাত্র ২টি চার হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে, ৩টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়েছেন শামীম।
এদিন কোনো রান তোলার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। দুই ওভারেও হয়নি কোনো রান। দলীয় রান ১১ হতে দুর্দান্ত এক রান আউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। এরপর শেখ মেহেদি হাসানকে নিয়ে ২৭ রান যোগ করে বিপদ কিছুটা কাটিয়ে উঠতে চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। তবে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ছোবলে সেই পরিকল্পনাও সফল হয়নি।
দলীয় ৩৮ রানে মেহেদিকে (৭ বলে ৯) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসারাঙ্গা। পরে দলীয় ৫৩ রানে দলকে আরও বিপদে ফেলে আউট হন লিটন। ২৬ বলে ৪টি চারের মাধ্যমে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপরই দুর্দান্ত জুটি গড়েন জাকের-শামীম। তাতে মোটামুটি লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট 

























