ভারত টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ধবলধোলাই করে বিধ্বস্ত করল। হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-টুয়েন্টি খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষটা যেমন তিনিও রাঙাতে পারেননি তেমনি তার এপিটাফ লেখার দিনে টিম টাইগার্স বড় পরাজয় দেখেছে। স্বাগতিক ভারতের কাছে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৭ রানের হিমালয়সম সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৭ উইকেট ১৬৪ রানে থামে বাংলাদেশ।
রানের পাহাড় সামনে রেখে ব্যাটে রেখে ব্যাট হাতে ভালো করেছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। লিটন ২৫ বলে ৪২ রান করেন। এবং ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। বাকীদের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। বিদায়ী মাহমুদউল্লাহ ৯ বলে ৮ রান করেন। শেষপর্যন্ত ১৬৪ রানে থামে বাংলাদেশ।
ভারতের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং মায়াঙ্ক যাদব দুটি উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে প্রথম ওভারটা শুধু রয়েসয়ে খেলেছে ভারত। ৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। এরপরই আগ্রাসণ শুরু করেন সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। বড় সংগ্রহের মিশনে পাওয়ার-প্লে কাজে লাগান দুর্দান্তভাবে। ৮২ রান আসে। তাতে আভাস মিলেছিল রান-বন্যায় ভাসতে চলেছে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম।
টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছেড়েছে ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৭ রান। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৬০ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরে করেছিল ভারত।
অল্পের জন্য বিশ্বের দ্বিতীয় দল হিসেবে তিনশ ছুঁতে পারেনি ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনশ হয়েছে একবারই। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান তুলেছিল নেপাল।
তৃতীয় ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলেও রানের লাগাম টেনে ধরা যায়নি। উইকেট শিকারের ওভারেও ১২ রান দেন এ পেসার। ৪.২ ওভারে পঞ্চাশে পৌঁছায় ভারত। ৬ ওভারে আশির ঘর পেরোয়। ৪৩ বলে পৌঁছে যায় শতরানে। ৮৪ বলে দুইশ ছোঁয়ার পর তিনশ অনুমেয়ই ছিল। ইনিংসের শেষ ওভারে তানজিমের জোড়া শিকারে তিনশর কাছে গিয়ে থামতে হয় ভারতকে।
সাঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রানে থামেন। মারেন ১১টি চার, ৮টি ছক্কা। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রানের ঝড় তুলে মাহমুদউল্লাহকে উইকেট দেন। রিয়ান পরাগ ১৩ বলে ৩৪, হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন।
২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল আফগানরা। ২০২৩ সালে সে রেকর্ডটি ভেঙে দিয়ে ৩১৪ রান তুলেছিল নেপাল। অল্পের জন্য সে রেকর্ড ভাঙা হয়নি ভারতের।
ডেস্ক রিপোর্ট 


























