ময়ূর, পাখি রাজ্যের চমৎকার, জাঁকজমকপূর্ণ এক সদস্য। পৃথিবীর প্রাচীন কিছু ধর্ম এবং কিছু দেশে ময়ূরের বেশ মর্যাদাও আছে। ভারতে ময়ূর প্রজাতির সবচেয়ে সুদর্শন পাখিটির দেখা মেলে নানা জায়গায়। দেশটির নানা রাজমহলেও ময়ূর ছিল সম্ভ্রান্তদের পছন্দের। ভারতীয় ময়ূরের বৈজ্ঞানিক নাম পাভো ক্রিস্টেটাস। ময়ূর ভারতের জাতীয় পাখি। অথচ এই ময়ুরকেই কিনা রান্না করে খাওয়ার ভিডিও পোস্ট করেন এক ভারতীয় ইউটিউবার। আর যায় কোথায়, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও কটাক্ষ শুরু হয়েছে তার এই অবিবেচনাপূর্ণ কাজের জন্য।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অভিযুক্ত ওই ইউটিউবারের নাম কোডম প্রণয় কুমার। তিনি তেলঙ্গানার সিরসিল্লার বাসিন্দা। বিতর্কের পর অবশ্য কুমারের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

ময়ূর রান্না করার এবং খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে পোস্ট করার অভিযোগ উঠেছে কুমারের বিরুদ্ধে। এরপর বেশ দ্রুতগতিতেই সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই তেলঙ্গানা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওটি নজরে আসার পরে পদক্ষেপ নেয় বন দপ্তরও। যে জায়গায় অভিযুক্ত ইউটিউবার ময়ূরের মাংস রান্না করেছিলেন, সেই জায়গাটিও পরিদর্শন করেন বন দপ্তরের কর্মকর্তারা। কুমারের রান্না করা মাংস ময়ূরেরই কি না তা পরীক্ষার জন্য রক্তের নমুনা এবং রান্না করা মাংসের কিছুটা নিয়ে গেছেন বন দপ্তরের কর্মীরা।
এদিকে ইউটিউবের ভিডিওটিও যাচাই করা হয়েছে এবং এরপরেই কুমারকে গ্রেপ্তার করা হয়। বন দপ্তরের অভিযোগ, একটি সংরক্ষিত প্রাণীকে হত্যা করেছেন অভিযুক্ত ওই ইউটিউবার। সিরসিল্লার পুলিশ সুপার (এসপি) অখিল মহাজন বলেন, ‘প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। ওই ইউটিউবারের মতো অন্য কেউ যদি এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও প্রাণী অধিকার কর্মীরা কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ময়ূরের মতো সংরক্ষিত পাখির মাংস রান্নার ভিডিও সম্প্রচার ইউটিউব কিভাবে অনুমোদন দিলো এই প্রশ্নও উঠছে।
ডেস্ক রিপোর্ট 










