কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি টি-টুয়েন্টি সিরিজে নেই টাইগার অলরাউন্ডার। পরে দিল্লিতে টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ভারত সফরে শনিবার শেষ ম্যাচটি হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি। সিনিয়র দুজন ক্রিকেটারের অবসরে বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে।
হায়দরাবাদে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টির আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ নিক পোথাস। সাকিব-মাহমুদউল্লাহর বিকল্প প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন। শুরুতে এড়িয়ে যান। বলেন, ‘আমি আপনাকে সঠিক উত্তর দিচ্ছি, আমি ফিল্ডিং কোচ। সুতারং এই কথা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না, আমার জন্য।’
পরে অবশ্য বলেছেন কিছু। বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজকে উদহারণ হিসেবে টেনেছেন। বলেছেন, ‘আমি আপনাকে বলতে চাই, এটা শর্তযুক্ত হতে হবে? আমরা খুব ভাগ্যবান যে মিরাজের মতো একজন আছেন। তিনি টপঅর্ডারে ব্যাট করতে পারেন, মাঝে ব্যাট করতে পারেন। আমরা দেখেছি তিনি ব্যাটিংয়ে উন্নতি করেছেন। শুরুতে বল করেও ভালো করছেন। শেষদিকে তিনি কোনকিছু ঘটানোর সামর্থ্য রাখেন।’
তবে সাধারন দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের মতে সাকিব-মাহমুদউল্লাহর বিকল্প পেতে বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে। কেননা তারা দুইজন যে মাপের খেলা বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন তা বর্তমান তরুণ ক্রিকেটারদের পক্ষে সম্ভব না বলে ধারণা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হবে।
ডেস্ক রিপোর্ট 


























