বিশ্বকাপে বেশ ভালো দল নিয়ে লড়াইয়ে নেমেছিল পাকিস্তান। প্রস্তুতিও ছিল যথেষ্ট। কিন্তু মূল মঞ্চে এসেই ধরা খেয়ে গেল বাবর আজমের দল। টানা দুই পরাজয়ে ভীষণ ফিকে হয়ে গেছে তাদের সুপার এইটের আশা। তাও সমীকরণের মারপ্যাঁচে সুযোগ থাকছে সেরা আটে খেলার।
ভারতের বিপক্ষে হারের পর একদম খাদের কিনারায় ছিলো তারা। তখন তাদের সামনে প্রথম কাজ ছিলো শেষ দুই ম্যাচে আগে জয়লাভ করা। তার প্রথম কাজটা ভালোভাবেই করেছে পাকিস্তান। সেই সাথে বাড়িয়ে নিয়েছে নেট রানরেটও। সুতরাং সুপার এইটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এরপর নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের কাছে। এরপরেও অপেক্ষা করছে অনেক অনেক সমীকরণ।
পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড হারলে বিদায় ঘন্টা বেজে যাবে তাদের। সুতরাং তখন লড়াই হব হবে ৪ দলের। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারতের পয়েন্ট ৪ এবং বাকি আছে ২ টি ম্যাচ। সেই দুই ম্যাচের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা, যারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভারতের জন্য। সুতরাং শেষ দুই ম্যাচ ভারত হারাটা বড় অঘটনই হবে।
অপরদিকে ভারত ম্যাচ বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ আছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারত তাদের দুই ম্যাচেই জিতলে পাকিস্তানের তখন প্রার্থনা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ের জন্য। তখন পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই পয়েন্ট থাকবে ৪। রানরেটে এগিয়ে থাকলে পাকিস্তান যাবে সুপার এইটে।
তবে ভারত দুই ম্যাচ জেতার পর কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাবর আজমের দলকে। কারণ তখন যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে ৬। আর পাকিস্তানের পয়েন্ট থাকবে ৪। সুতরাং টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বর্তমান রানার্সআপদের। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় আর শেষ ম্যাচের প্রতিপক্ষ ভারত হওয়ায় কানাডার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং পাকিস্তানের লড়াইটা হবে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে।
সুপার এইটে যেতে পাকিস্তানকে প্রথমে হারাতে হবে আয়ারল্যান্ডকে। এরপর ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো এক দলের বাকি দুটো ম্যাচেই জয়ের জন্য অপেক্ষা করতে হবে।
সবকিছু যদি এভাবে এগোয়, তাহলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে। পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান হয়ে যাবে। দুটি দলের মধ্যে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে, সুপার এইটে উঠবে তারা।
ডেস্ক রিপোর্ট 
















