স্বপ্নের কচিপাতা হাসে
এসো প্রকৃতি ও জীবনের ছায়াতলে
যেখানে প্রকৃতির আঁচলে জীবন মায়াজালে
তুমি হবে সিক্ত ফুলে-ফলে-বৃক্ষে।
গগনে পাখিদল সুমধুর কণ্ঠে গান তোলে
অরণ্যে বনদেবী হেসে দোলে নাচে,
প্রাণোল্লাসে বুনো হরিণের দল ছুটে,
এখানে বাংলার বাঘ গর্জে উঠে।
এখানে সবুজ পাতায় ঝুমঝুম বৃষ্টিরা নেমে পড়ে
পাহাড়-পর্বত-বৃক্ষ ছুঁয়ে শত মেঘদল ভাসে,
ধবল মেঘের সাথে পাল্টা দিয়ে কাশফুল উড়ে।
পদ্মা-মেঘনায় রূপালি ইলিশে জেলে নৌকা ভরে
সবুজ মাঠের সোনালি ধানে কৃষকের গোলা ভরে,
এখানে জেলে-কৃষকের জীবন ছন্দে বাঁচে।
কখনো বিফলে যায় ঘরে তোলা সুফল
দায়ী আমাদেরই অযাচিত কর্মকাণ্ডের ফল,
নির্বিচারে পরিবেশ ধ্বংসের উৎসবে মেতে,
শত প্রকৃতিপ্রাণ নিধন হয়ে যেতে থাকে।
পরিণামে সিডর, আয়লা, নার্গিসের তাণ্ডবে
পশু-পাখির কলকাকলি থেমে যায় সবুজে,
নেমে আসে কুহেলিকা চিরায়ত জীবনে।
অক্ষয় সুন্দরবন প্রাকৃতিক বিপর্যয়ের দিনে
অকাতরে উপকূলীয় জনপদ সুরক্ষা দিয়ে,
সুন্দরী বনদেবী তরুলতাগণে জেগে উঠে,
বিষণ্নতা কাটিয়ে স্বপ্নের কচিপাতা হাসে।
মাসুদুর রহমান 
















