দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা দেওয়া হবে বিকেল ৫টা পর্যন্ত। টিকা পাচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা।
যারা হামে আক্রান্ত হয়েছে বা উপসর্গ আছে, তাদেরকে টিকার পরিবর্তে দেওয়া হচ্ছে ভিটামিন-এ। সুস্থ হলে তারাও পাবে টিকা।
দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ভাইরাসজনিত রোগ হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ৫ মাস থেকে ২ বছর বয়সী শিশু।
শনিবার পর্যন্ত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। যাদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিলে ৯৭ শতাংশ ক্ষেত্রে হাম প্রতিরোধ করা সম্ভব।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















