সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে । ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় কোপেনহেগেন থেকে তাকে গ্রেপ্তার করেছে ডেনমার্কের পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ইউনিভার্সিটি অব কোপেনহেগেনে বিক্ষোভের আয়োজন করে স্টুডেন্টস এগেইনস্ট ওকুপেশন নামে একটি ছাত্র সংগঠন। সহযোদ্ধাদের নিয়ে ওই বিক্ষোভে যোগ দেন গ্রেটা থুনবার্গ। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও তা করতে দেয়া হয়নি। উল্টো দমন-পীড়ন চালানো হয়েছে। খবরে বলা হয়েছে, গ্রেটাসহ বিক্ষোভ থেকে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটের প্রকাশিত ছবিতে গ্রেটার হাতে হাতকড়া দেখা যায়। এ সময় তার কাঁধে সাদা-কালো কেফিয়াহ ছিল।
বিক্ষোভ থেকে ইসরায়েলের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের ডাক দেয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রেখেছে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ২০ জন শিক্ষার্থীর একটি দল বিশ্ববিদ্যালয়ে একটি ভবনের প্রবেশ পথ অবরোধ করে। তিনজন ভবনের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয় বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট 















