সুপার টাইফুন ইয়াগির আঘাতে লণ্ডভণ্ড হয়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চল। ঘূর্ণিঝড়ের আঘাত এবং এর প্রভাবে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ এ। এই সংখ্যা আরও বাড়তে পারে, এখনও নিখোঁজ ১৪৫ জন।
আহত হয়েছে আরও সাত শতাধিক মানুষ। প্রবল বর্ষণে রেড রিভার নদীর পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বন্যায় ডুবে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।

ভিয়েতনামের হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর গত রোববার মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে।

এর আগে গত শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন ও যানবাহন। ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।
ভিয়েতনামের আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল ধ্বংস হয়ে গেছে। টাইফুন ইয়াগি নামের এই ঘূর্ণিঝড়কে চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 






















