গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ৬ কর্মী নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এটাই একদিনে জাতিসংঘের সর্বোচ্চ কর্মী নিহতের ঘটনা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) নুসাইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এই স্কুলটি হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিমান বাহিনী হামাসের একটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে হামলা চলিয়েছে। তাদের দাবি, ওই কম্পাউন্ডটি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়েছিল। যদিও এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দখলদার বাহিনী।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ‘ইউনাইটেড নেশন্স রিলিফ ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)’ গঠন করা হয়। গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননের শরণার্থীদের শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানবিক সহযোগিতা প্রদানে কাজ করে থাকে সংস্থাটি।
ডেস্ক রিপোর্ট 













