ভারতের উত্তরপ্রদেশের সামভালে গতকাল রোববার (২৪ নভেম্বর) মসজিদে জরিপ চালানোকে কেন্দ্র করে সহিংসতায় ৪ জন নিহতের ঘটনায় ওই এলাকায় স্কুল-কলেজসহ ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়েছে।
গতকাল সকালে আদালনের নির্দেশনা অনুযায়ী মুঘল আমলে নির্মিত শাহী জামা মসজিদের জরিপ পরিচালনা করতে আসলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, ওই ভবনের স্থাপত্যে এখনও যার প্রমাণ রয়েছে। যা নিয়ে আইনি লড়াই চলছে। ওই মসজিদ ভবনটিতে আগে কোনও হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কি না, সেটা যাচাই করে দেখার জন্যই ওই সার্ভের নির্দেশ দেওয়া হয়েছিল।

সামভালের পুলিশের ভাষ্য অনুযায়ী, রবিবার সকালে প্রশাসনের একজন ‘অ্যাডভোকেট কমিশনারে’র নেতৃত্বে একটি সার্ভে টিম মসজিদে তাদের কাজ শুরু করতেই বাইরে বিরাট জনতা জড়ো হয়ে যায় এবং প্রায় সঙ্গে সঙ্গেই সহিংসতা শুরু হয়ে যায়।
পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীরা একাধিক গাড়িতে আগুন জালিয়ে দেয় এবং পুলিশের ওপর ইট পাটকের নিক্ষেপ করে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিপেটা করে। সহিংসতায় পুলিশের ৩০ সদস্য আহত হয়। এদের মধ্যে একজন পুলিশ সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা গুরুতর।

সহিংসতায় জড়িতদের মধ্যে দুই নারীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার জড়িতদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি আইনে (এনএসএ) মামলা করা হবে।
ডেস্ক রিপোর্ট 


























