রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত ‘উন্মাদনা’ ছাড়া আর কিছু নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্যারিসে ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সাক্ষাৎ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আলোচনার আহ্বান জানালেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘জেলেনস্কি যুদ্ধবিরতির চুক্তি করতে চান এবং এই উন্মাদনা বন্ধ করতে চান। কিয়েভ এরই মধ্যে অনেক সৈন্য হারিয়েছে। এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত, সেজন্য আলোচনা শুরু করা উচিত।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি ভ্লাদিমিরকে (পুতিন) ভালো করে জানি। এটি তার কাজ করার সময়। চীন সাহায্য করতে পারে। বিশ্ব অপেক্ষায় রয়েছে!’
ট্রাম্প দাবি করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে বিদ্রোহী বাহিনী রাতারাতি ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে, কারণ রাশিয়া তখন আসাদকে রক্ষা করার আগ্রহ হারিয়ে ফেলেছিল এবং ইউক্রেনের যুদ্ধ জয়ে মনোযোগ দিয়েছে।
ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানের আগে নির্বাচনী প্রচারণায় ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান সংঘাত আলোচনার মাধ্যমে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোন রূপরেখা প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত ইতোমধ্যে যুদ্ধের অবসানের জন্য একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। এমনকি রাশিয়ার দখলকৃত এলাকা ইউক্রেনকে ছেড়ে দেয়ার বিষয়টিও এতে রয়েছে বলে জানা গেছে। তবে ট্রাম্পের রোববারের প্রস্তাব এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে তার ট্রানজিশন টিম কোনো মন্তব্য করেনি।
ডেস্ক রিপোর্ট 
























